জ্ঞানেশ কুমারের ইস্তফা নিয়ে উত্তাল দিল্লি, ভোটার তালিকায় বড় বদল কমিশনের!
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের তীব্র আন্দোলনে স্তব্ধ ভারতের রাজধানী দিল্লি। দিল্লির এমন অচল অবস্থার মাঝেই ভোটার তালিকা সংশোধন নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল নির্বাচন কমিশন। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার সময় বিজেপি নির্বিচারে ৭ নম্বর ফর্ম জমা দিয়ে বিরোধী ভোটারদের নাম বাদ দিয়েছে। কমিশন এবার সেই অনিয়ম রুখতে ৭ নম্বর ফর্ম বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের ওপর কড়া সীমা নির্ধারণ করে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এসআইআর চলাকালীন একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি এবং স্বাভাবিক সময়ে প্রতি মাসে সর্বোচ্চ ৫টি ফর্ম ৭ জমা দিতে পারবেন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্দোলনের মুখে পড়ে কমিশন নিজেদের অবস্থান সংশোধন করতে বাধ্য হচ্ছে। পশ্চিমবঙ্গ ও কর্নাটকের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ইতিমধ্যেই অভিযোগ তুলেছিল যে, কোটি কোটি ভিত্তিহীন ফর্ম ৭ জমা দিয়ে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এমনকি সম্প্রতি বাদ যাওয়া ১৩ কোটি ভোটারদের ৬ নম্বর ফর্মের মাধ্যমে ফিরিয়ে আনার ঘোষণা করা হলেও প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি সহ বিরোধীরা এর তীব্র সমালোচনা করেন। লাগাতার চাপের মুখে অবশেষে কমিশন স্বীকার করে নিয়েছে যে ভিত্তিহীন গণ-আপত্তির কারণে ভোটার তালিকা সংশোধনে জটিলতা তৈরি হচ্ছিল, যার ফলশ্রুতিতেই এবার ফর্ম দাখিলের ওপর এই কঠোর নিয়ম চালু করা হলো।