নদিয়ার মহিলাদের আর্থিক ভাগ্য বদলে যাচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীর জন্য এল বিশাল বরাদ্দ!
বার্তা ডেস্কঃ
স্বনির্ভর গোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করে তুলতে এবং নিজস্ব ব্যবসার প্রসারে দারুণ এক সুযোগ এনে দিল প্রশাসন। নদিয়া জেলায় আয়োজিত এক বিশেষ শিবিরের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য মোট ২৬০ কোটি টাকার আর্থিক ঋণ প্রদানের ঘোষণা করা হয়েছে। মহিলাদের ব্যবসা সুসংহত করার লক্ষ্যে চলতি বছরে গোটা জেলায় প্রায় ১৫০০ কোটি টাকারও বেশি ঋণ ও আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার বৃহৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে আয়োজিত একটি মেগা ক্রেডিট কার্ড বিতরণ শিবিরে জেলাশাসক শ্রীকান্ত পল্লী উপস্থিত থেকে এই প্রকল্পের বিষদ রূপরেখা তুলে ধরেন এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এই ঋণের টাকা যথাযথ ব্যবসার কাজে ব্যবহার করার পরামর্শ দেন।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কেবল মাত্র আর্থিক ঋণ দিয়েই দায়িত্ব শেষ করা হচ্ছে না, বরং স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসার সামগ্রিক উন্নতির জন্য মিলবে নানা সরকারি সুযোগ-সুবিধা। উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি, উন্নত প্যাকেজিং, বিপণন, প্রশিক্ষণ এবং সরাসরি বাজারের সঙ্গে সংযোগ স্থাপনেও প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। এছাড়া জেলা প্রশাসন আয়োজিত ‘সরস মেলা’-র মাধ্যমে এখানকার স্বনির্ভর গোষ্ঠীর নারীরা কলকাতা ও দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের তৈরি পণ্য বিক্রির সরাসরি সুযোগ পাবেন। ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক পরিকল্পনা যাচাই করে সঠিক নিয়মে ঋণ প্রদান করা হবে, যার ফলে গোষ্ঠীগুলি সফল হলে পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও বেশি পরিমাণ অর্থ সহায়তা পাওয়ার পথ সুগম হবে।