বড়দিনের আগেই বড় চমক, কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ এখন হাতের মুঠোয়!
বার্তা ডেস্কঃ
মহালয়ার দিনেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে এল এক বড় সুখবর। বেলেঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত মেট্রো রুটে সফলতা সম্পন্ন হলো প্রথম ট্রায়াল রান। নতুন এই অংশে সিগন্যালিং ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে, যা সফল হলে চূড়ান্ত ছাড়পত্রের জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে আবেদন জানানো হবে। অনুমোদন মিললেই বাণিজ্যিক পরিষেবা শুরু করা সম্ভব হবে। সব পরিকল্পনা ও কারিগরি দিক ঠিকঠাক থাকলে আগামী ২৫ ডিসেম্বরের আগেই নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে সরাসরি আইটি হাব সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে।
অরেঞ্জ লাইনের এই নতুন রুট চালু হলে কলকাতা মেট্রোর এই লাইনের মোট দৈর্ঘ্য দাঁড়াবে ১৫ কিলোমিটারের বেশি। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করছে। নতুন সম্প্রসারিত অংশে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশনগুলো যুক্ত হতে চলেছে। চিংড়িঘাটার দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে এই ট্রায়াল রান সম্পন্ন হওয়ায় দ্রুত কাজ এগোচ্ছে। ফলে দক্ষিণ কলকাতা থেকে কর্মক্ষেত্র সল্টলেকে যাতায়াতকারী অগণিত আইটি কর্মী ও সাধারণ যাত্রীর সফরের সময় অভাবনীয়ভাবে কমে যাবে এবং একই সঙ্গে ইস্টার্ন বাইপাস ও চিংড়িঘাটা মোড়ের দীর্ঘ যানজট থেকেও স্থায়ী রেহাই মিলবে।