বেড পাচ্ছেন না রোগীরা, দালালরাজের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট মুছে শোরগোল ফেললেন বিজেপি বিধায়ক!
বার্তা ডেস্কঃ
রাজ্যের চিকিৎসাব্যবস্থা ও সরকারি হাসপাতালে রোগী ভর্তির অচলাবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে তীব্র রাজনৈতিক শোরগোল ফেলে দিলেন জঙ্গিপুরের প্রবীণ বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জটিল রোগীদের কলকাতার সরকারি হাসপাতালে নিয়ে গেলে বেড পাওয়া যায় না, বরং এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে ঘুরতেই রোগীদের প্রাণহানি ঘটছে। জেলা থেকে অপ্রয়োজনীয় রেফার এবং স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি প্রথমে ‘দালাল’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তাঁর পোস্ট থেকে ‘দালাল’ শব্দটি মুছে ফেলায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিধায়কের এই মন্তব্যের পর বিজেপির অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে।
বিধায়কের এমন বিস্ফোরক দাবির পর নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বাস্থ্য দপ্তরের দাবি, রেফার রোগ এবং দালালরাজ দমনে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। কলকাতার প্রধান সরকারি হাসপাতালগুলির সঙ্গে একাধিক নামী বেসরকারি হাসপাতালকে যুক্ত করা হয়েছে, যাতে বিনামূল্যে গরিব রোগীরা সঠিক চিকিৎসা পান। যদিও বিধায়কের অভিযোগ, হাসপাতালের সুপার ও স্বাস্থ্যমন্ত্রীর আপ্তসহায়ক তাঁর ফোন পর্যন্ত ধরছেন না। দলীয় বিধায়কের এই ক্ষোভ ও অসহায়তা দূর করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। দলের শাসনকালে এমন অব্যবস্থা নিয়ে বিধায়ক অনড় থাকলেও, রাজ্যের এই স্বাস্থ্যসঙ্কট যে মোটেও সহজভাবে দেখছে না রাজনৈতিক মহল, তা বলাই বাহুল্য।