৩১ অক্টোবরের মধ্যে এই দুটি কার্ড জমা না দিলে কি বন্ধ হবে আপনার সরকারি সুবিধা?
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (WBHS) আওতাভুক্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দফতর। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব সরকারি কর্মচারী বা পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, তা অবিলম্বে ফেরত দিতে হবে। কোনো কর্মীর কাছে এই কার্ডগুলি থাকলে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে তা নিজ নিজ সরকারি বিভাগের সদর দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কার্ড জমা দেওয়ার সাথে সাথে নির্ধারিত ফরম্যাটে ঘোষণাপত্র ও জমা করার রসিদ জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন না করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড এবং ঘোষণাপত্র জমা না দিলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন ওই কর্মী বা পেনশনভোগী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা পরা প্রতিটি ঘোষণাপত্র ও প্রামাণ্য নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি সুবিধা সচল রাখতে কর্মীদের এই নির্দেশ দ্রুত পালনের আর্জি জানানো হয়েছে।