পিএফ অ্যাকাউন্টহোল্ডারদের জন্য বিরাট সুখবর, বদলে গেল টিডিএস ছাড়ের নিয়ম!
বার্তা ডেস্কঃ
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে টিডিএস ছাড়ের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। ২০২৬-২৭ করবর্ষ থেকে পিএফ উত্তোলনে টিডিএস ছাড় দাবি করার জন্য বহু ব্যবহৃত ফর্ম ১৫জি এবং ফর্ম ১৫এইচ আর কার্যকর থাকবে না। সোশ্যাল মিডিয়া এক্স-এ স্পষ্ট বার্তা দিয়ে সংস্থাটি জানিয়েছে, আয়কর আইন ২০২৫ এর আওতায় এখন থেকে ছাড় পেতে পিএফ সদস্যদের শুধুমাত্র ফর্ম ১২১ জমা দিতে হবে। এতদিন ৬০ বছরের কম বয়সিদের জন্য ফর্ম ১৫জি এবং প্রবীণ নাগরিকদের জন্য ফর্ম ১৫এইচ চালু থাকলেও, নতুন নিয়মে জটিলতা দূর করতে এই দুটি ফর্মই সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
পূর্বে একাধিক ফর্ম বাছাই করার যে ঝামেলা ছিল, তা দূর করতেই মূলতঃ এই একক ফর্ম ব্যবস্থা চালু করা হলো। নিয়মটি সরল হলেও এটি কিন্তু পিএফ উত্তোলনকে স্বয়ংক্রিয়ভাবে করমুক্ত করবে না। যাদের আনুমানিক মোট বার্ষিক আয় করযোগ্য সীমার নিচে, কেবল তারাই টিডিএস কর্তন বন্ধ করার আর্জি জানাতে এই ফর্মটি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে যাদের মোট বার্ষিক আয় করযোগ্য সীমার মধ্যে রয়েছে, তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য হবে না। ফলে নতুন অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার পরিকল্পনা থাকলে সকল সদস্যদের জন্য এই পরিবর্তিত নিয়ম এবং সঠিক ফর্ম সম্পর্কে সম্যক ধারণা রাখা অত্যন্ত প্রয়োজনীয়।