দিল্লির যন্তর মন্তরে উত্তাল আন্দোলন, ধৃতদের মুক্তির দাবিতে গর্জে উঠল জাতিসংঘ!

বার্তা ডেস্কঃ

দিল্লিতে নির্বাচন কমিশন বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়েছে। জ্ঞানেশ কুমারের অপসারণ ও ভোটাধিকার রক্ষার দাবিতে গত শনিবার যন্তর মন্তর চত্বরে সিজেপি, এসএফআই এবং বিভিন্ন রাজনৈতিক দলের ডাকে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। কনট প্লেস ও বিভিন্ন এলাকা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম নেতা এমএ বেবি, এসএফআই নেত্রী ঐশী ঘোষসহ প্রায় ১,০০০ বিক্ষোভকারী, আইনজীবী ও রাজনৈতিক নেতৃত্বকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেন ও মেট্রো পরিষেবা সাময়িকভাবে ব্যাহত করা হয় এবং বহু আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তোলা হয়।

পরিস্থিতির অবনতির মধ্যে শনিবার সন্ধ্যায় দিল্লির হরকিষাণ সিং সুরজিত ভবনে সিজেপি ও এসএফআই যৌথ সাংবাদিক সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়। সিজেপি নেতা অজিঙ্ক শিন্ডে ও এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, নির্বাচন কমিশনারের পদত্যাগ না আসা পর্যন্ত এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। এর মধ্যেই দিল্লির এই ধরপাকড় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে আটক সমস্ত বিক্ষোভকারীকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *