বিমানে ‘স্বচ্ছ ভারত’ স্লোগান! আটকের পরেই তুলকালাম কাণ্ড, ভাইরাল ভিডিও!
বার্তা ডেস্কঃ
দিল্লি বিমানবন্দরে বিমান থেকে নামার আগেই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন ‘ককরোচ’ নেতারা। মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুম্বই থেকে রাজধানীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ আটক করে অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে। বিমান থেকেই তাঁদের নামিয়ে নিয়ে যাওয়ার সময় ক্ষোভে ফেটে পড়েন সহযাত্রীরা। ককরোচ নেতাদের আচরণে বিরক্ত হয়ে অনেকেই কটাক্ষ করে স্লোগান তোলেন, ‘এরা স্বচ্ছ ভারতের আবর্জনা।’ পুলিশের সঙ্গে এই বিবাদের জেরে বিমানযাত্রায় অহেতুক দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
রাতভর পুলিশি হেপাজতে কাটার পর রবিবার সকালে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন এই তিন নেতা। দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানোর পর তাঁদের জামিন মঞ্জুর করা হয়। আইন অনুযায়ী আগামী এক বছর শান্তিভঙ্গ না করার মুচলেকায় তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই পুরো ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।