পুজোর আগেই সাড়ে ১১ হাজার চাকরিপ্রার্থীর হাতে এল সুখবর!
বার্তা ডেস্কঃ
কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পরপরই সরকারি নিয়োগ প্রক্রিয়ায় এক অভাবনীয় গতি লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুজোর প্রাক্কালে সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্য পুলিশের (West Bengal Police) ১১,৫৯৩ জন কনস্টেবলের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তা-ই নয়, চাকরিপ্রার্থীদের জন্য আরও বড় সুখবর দিয়ে তিনি ঘোষণা করেছেন—আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহেই পুলিশ বিভাগে আরও ৯,০০০ পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে!
এর পাশাপাশি কলকাতা পুলিশের ৩০০ জন সাব-ইনস্পেক্টর (SI) নির্বাচনের বিষয়টিও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
উত্তরপ্রদেশকে টেক্কা দেবে বাংলা
অনুষ্ঠানমঞ্চ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া ও দৃঢ় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশের থেকেও পুলিশ বাহিনীর শক্তিতে এগিয়ে থাকবে বাংলা।” তিনি আরও জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই অন্যান্য জটিলতার সাথে ওবিসি সংক্রান্ত আইনি জট কেটে গেছে। ফলে দীর্ঘদিন ধরে থমকে থাকা পুলিশি নিয়োগ প্রক্রিয়া এখন দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
কেবল কনস্টেবল বা এসআই নয়, থানার উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ক্লার্ক স্তরের পদগুলোতেও খুব শীঘ্রই নতুন নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সম্পূর্ণ প্রশাসন ও পুলিশ ব্যবস্থাকে শতভাগ দুনীতিমুক্ত করার ডাক দেন মুখ্যমন্ত্রী।
পুজোতেই নামছেন ডিউটিতে
নবনিযুক্ত এই বিশাল পুলিশ বাহিনীকে পুজোর সময়েই রাজ্যজুড়ে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকেই তাঁদের প্রাথমিক ডিউটিতে পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে তাঁদের পেশাদার প্রশিক্ষণ দেওয়া হবে। কোন এলাকায় কতজন মোতায়েন থাকবেন, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কমিশনারেট ও জেলা পুলিশ প্রশাসন।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও মজবুত, সুসংহত ও সুদৃঢ় করতেই রাজ্য সরকারের এই মেগা নিয়োগের বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।