রাজনীতিতে বড় চমক, সাধারণ মানুষের পছন্দের প্রার্থীই কি প্রোমোটাররাজ খতমের চাবিকাঠি?

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর পরই রাজ্যে বাজতে চলেছে পুরভোটের বাদ্যি। এই আবহে প্রার্থী চয়নে প্রথাগত পথ ছেড়ে বড় চমক দিল বিজেপি। পুরভোটে নিজেদের প্রার্থী বাছাই করতে ড্রপবক্সের অভিনব ব্যবস্থা করেছে তারা। দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, ৬ নম্বর মুরলিধর সেন লেনের পুরনো কার্যালয়ে এই ড্রপবক্স রাখা থাকবে। শুধুমাত্র দলের কর্মী নন, সাধারণ নাগরিক থেকে শুরু করে চিকিৎসক, আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবীরাও এখানে পছন্দের নাম জমা দিতে পারবেন। মূল উদ্দেশ্য— সাধারণ মানুষকে সরাসরি রাজনীতিতে এনে প্রোমোটাররাজ বন্ধ করা এবং একটি স্বচ্ছ পুরবোর্ড গঠন করা।

বিগত ৪৯ বছরে কলকাতার পরিকাঠামো পিছিয়ে পড়েছে দাবি করে বিজেপি ‘নতুন কলকাতা’ গড়ার অঙ্গীকার করেছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা, স্বচ্ছ ভাবমূর্তি এবং ওয়ার্ডে গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে। সুকান্ত বাবু তরুণ প্রজন্মকে কেবল দর্শক না থেকে এই পরিবর্তনের চালিকাশক্তি হওয়ার আহ্বান জানান। ডিজিটাল সেবা, স্টার্টআপ এবং উন্নত পরিবহনের মাধ্যমে শহরকে নতুন রূপ দিতে ওয়ার্ডভিত্তিক সংলাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমাবার থেকেই ড্রপবক্সে নাম জমা দেওয়ার এই প্রক্রিয়া শুরু হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *