পুজোর উপহার! গভীর রাতেও মিলবে পানীয় জল, কী নির্দেশ দিলেন পুরমন্ত্রী?
বার্তা ডেস্কঃ
উৎসবের দিনগুলিতে কলকাতাবাসীর স্বস্তি বাড়াতে বড় ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা পুরসভা এলাকায় সারারাত পানীয় জল সরবরাহ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুঁদঘাটের একটি অনুষ্ঠান থেকে মন্ত্রী জানান, আগে পুজোর সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জল বন্ধ থাকায় গভীর রাত বা ভোরে চরম সমস্যায় পড়তেন দর্শনার্থী ও সাধারণ মানুষ। এবার থেকে সেই সমস্যা দূর করতে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন জল সরবরাহ সুনিশ্চিত করার জন্য পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে উৎসবের দিনগুলিতে শহরবাসীকে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও আবেদন জানিয়েছেন মন্ত্রী।
পরিচ্ছন্নতার পাশাপাশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মণ্ডপ দর্শনে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, পুজো মণ্ডপ এবং তার চারপাশের এলাকা পরিষ্কার রাখতে কর্মীদের দিনে তিনবার জঞ্জাল সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনের ভিত্তিতে পুজো কমিটিগুলিকে ডাস্টবিন সরবরাহ করবে কলকাতা ও বিধাননগর পুরসভা। এছাড়া, প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে মণ্ডপগুলিতে পুরসভার উদ্যোগে র্যাম্প তৈরি করা হবে। উত্তর ও দক্ষিণ কলকাতায় নগরোন্নয়ন দফতরের বিশেষ প্যাভিলিয়নের মাধ্যমে তাঁদের প্রতিমা দর্শনে সবরকম সাহায্য প্রদান করা হবে, যা শারদোৎসবে সার্বিক স্বাচ্ছন্দ্য এনে দেবে।