ভঙ্গুর পর্বতে নতুন আশা, হিমবাহ হ্রদের বিপর্যয় রুখে ভুটানের অভাবনীয় সাফল্য!
বার্তা ডেস্কঃ
হিমবাহ হ্রদের কৃত্রিম বাঁধ ভেঙে ভয়াবহ হড়পা বানের ঝুঁকি কমাতে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে ভুটান। ‘ভুটান ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি’ দেশের ১৭টি বিপজ্জনক হিমবাহ হ্রদের অন্যতম থরথর্মি হ্রদে সফলভাবে ‘পাইলট সাইফন প্রযুক্তি’ প্রয়োগ করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৪০০ মিটারেরও বেশি উঁচুতে লুনানা অঞ্চলে প্রায় এক মাসের প্রস্তুতি শেষে গত ১২ অক্টোবর বিকেল ৪টা ৩ মিনিটে এই পরীক্ষা সম্পূর্ণ হয়। উচ্চ ঘনত্বের পলিথিন পাইপলাইন বসিয়ে হ্রদের চারপাশের ভঙ্গুর কৃত্রিম বাঁধ অক্ষত রেখে অত্যন্ত দক্ষতার সাথে জলস্তর কমিয়ে আনা সম্ভব হয়েছে।
বিজ্ঞানীদের মতে, বাহ্যিক শক্তি ছাড়া কেবল বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে ‘ইউ’ আকৃতির নলের মাধ্যমে উঁচুর জল নিচে স্থানান্তরিত করার এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর। ফো ছু এবং পুনাৎসাংছু নদী অববাহিকার নিচের অংশের জনবসতি, গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় শুরু হওয়া এই প্রকল্প চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সফলভাবে বাস্তবায়ন করেছে দেশটির কারিগরি দল। বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক মহলে প্রশংসিত ভুটানের এই যুগান্তকারী অর্জন প্রতিবেশী ভারত ও নেপালের মতো পাহাড়ি দেশগুলোকেও হিমবাহ বিপর্যয় মোকাবিলার নতুন পথ দেখাবে।