বদলে যাচ্ছে ধারাভির রূপ, শুরু হলো আদানির মেগা আবাসন প্রকল্প!

বার্তা ডেস্কঃ

এশিয়ার বৃহত্তম বসতি ধারাভির রূপান্তরে শুরু হয়েছে ঐতিহাসিক পথচলা। শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন ‘আদানি নবভারত ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’-এর তত্ত্বাবধানে সেখানে গড়ে উঠছে অত্যাধুনিক আবাসন প্রকল্প। মূল লক্ষ্য, দীর্ঘদিনের ঘনবসতিপূর্ণ এই অঞ্চলটিকে একটি সুরক্ষামূলক ও আধুনিক জনপদে পরিণত করা। বহুল আলোচিত এই ধারাভি পুনর্গঠন প্রকল্পের অধীনে মোট ১০টি বিশাল টাওয়ার নির্মাণ করা হচ্ছে, যা হতে চলেছে মুম্বইয়ের অর্থনীতি ও সমাজজীবনের এক নতুন মাইলফলক। সোমবার থেকেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের বাস্তবায়নের কাজ।

পুরো পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি টাওয়ারে ৩৭ থেকে ৩৯টি তলা থাকবে এবং দ্রুত চলাচলের জন্য ১০ থেকে ১২টি লিফট বসানো হবে। এই প্রকল্পে ১০,৪৩২টি বসতবাড়ির পাশাপাশি ১,৩৭৯টি বাণিজ্যিক ও শিল্প ইউনিট তৈরি করা হচ্ছে। প্রতিটি পরিবার নতুন বাড়িতে প্রায় সাড়ে তিনশো বর্গ ফুট জায়গা পাবে। আদানি এন্টারপ্রাইজের ডিরেক্টর প্রণব আদানি জানান, ধারাভির বাসিন্দাদের একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। ৬২০ একর জমিতে ১০ থেকে ১২ লক্ষ মানুষের এই বিশাল বস্তি কীভাবে এক আধুনিক জনপদে রূপ নেয়, তা নিয়ে এখন মহারাষ্ট্রজুড়ে ব্যাপক চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *