যন্তর মন্তরে ধুন্ধুমার! ব্যারিকেড ভেঙে বিক্ষোভে আটক সিজেপি নেতারা
বার্তা ডেস্কঃ
দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই তীব্র উত্তেজনা ছড়াল জাতীয় রাজধানীতে। নিষেধ অমান্য করে মঙ্গলবার সকালে ব্যারিকেড ও লোহার গেট টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র একাধিক শীর্ষ নেতা ও কর্মী-সমর্থক। জাতীয় পতাকা হাতে নিয়ে মূল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে সরব হন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস এবং অজিনক্য শিন্দে সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ ভ্যানে তোলে দিল্লি পুলিশ।
উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কমিটির সুপারিশে দিল্লি পুলিশ ঘোষণা করে যে, যন্তর মন্তরকে আর প্রথাগত প্রতিবাদের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি গ্রাউন্ডকে বিক্ষোভের স্থান হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। তবে পুলিশের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার ভোরে সিজেপি নেতাদের এই ঝটিকা অভিযান রাজধানীতে রাজনৈতিক জল্পনা ও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।