আদালতের নিষেধাজ্ঞা অমান্য! গোপনে বিক্রি হচ্ছে চিটফান্ড কোম্পানির সম্পত্তি?

বার্তা ডেস্কঃ

আদালতের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে চিটফান্ড সংস্থা ভিবজিওর-এর সম্পত্তি বিক্রির চাঞ্চল্যকর অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চের নির্দেশে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তভার এবার দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র হাতে। পাশাপাশি, সংস্থার যে সম্পত্তিগুলি এখনও বাজেয়াপ্ত করা হয়নি, দ্রুত সেগুলি সিজ করার প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার একটি রিপোর্ট পেশ করে। তাতে জানানো হয়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে হাই কোর্টের গঠিত কমিটির হেফাজতে থাকা একাধিক সম্পত্তি নিয়ম ভেঙে হাতবদল করা হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্সে অবস্থিত ৫৪ কোটি টাকার সম্পত্তি ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সংস্থার জমি ও ভবন বেআইনিভাবে অন্য সংস্থার নামে রেজিস্ট্রি করা হয়েছে। আমানতকারীদের পক্ষে আদালতে দাবি করা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও অবাধে সম্পত্তি বিক্রি চলছে। আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন রাজ্য সরকার, গঠিত কমিটি এবং ইডিকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *