পুজোর আগেই বাম্পার উপহার, ৩ হাজার টাকা বাড়ল কর্মবন্ধুদের মাসিক বেতন!
বার্তা ডেস্কঃ
পুজোর আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। উৎসবের এই মরশুমে আংশিক সময়ের ‘কর্মবন্ধু’দের মাসিক পারিশ্রমিক একধাক্কায় ৩ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হলো। এতদিন তাঁরা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পেতেন, তবে এখন থেকে তাঁরা সরাসরি ৮ হাজার টাকা করে পাবেন।
রাজ্যের অর্থ দফতরের অডিট শাখা থেকে সম্প্রতি এই পারিশ্রমিক বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই বর্ধিত বেতন। সরকারের এই জনমুখী সিদ্ধান্তে দারুণ উপকৃত হবেন সংশ্লিষ্ট কর্মীরা।
অর্থ দফতরের তথ্য অনুযায়ী, এর আগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর শেষবারের মতো কর্মবন্ধুদের পারিশ্রমিক বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে তাঁদের পারিশ্রমিক আরও ৩ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় এবার থেকে প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে ৮ হাজার টাকা জমা হবে।
তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই বর্ধিত পারিশ্রমিকের পাশাপাশি আর অন্য কোনো অতিরিক্ত ভাতা দেওয়া হবে না। অর্থাৎ, নির্ধারিত ৮ হাজার টাকাই তাঁদের মাসিক মূল পারিশ্রমিক হিসেবে গণ্য হবে।
বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আংশিক সময়ের কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে পুজোর মুখেই এই বড় ঘোষণায় কর্মবন্ধুদের মুখে চওড়া হাসি ফুটল। উৎসবের এই আবহে সরকারের এই সিদ্ধান্ত তাঁদের আর্থিক সংকট দূর করতে এবং পরিবার নিয়ে ভালোভাবে পুজো কাটাতে বড় ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।