স্কুল ভেঙে ২৮ শিশুর মৃত্যু, একি ভয়াবহ গাফিলতি!

বার্তা ডেস্কঃ

খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি স্কুলবাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত ছয় থেকে তেরো বছর বয়সী অন্তত ২৮ জন পড়ুয়া এবং একজন শিক্ষিকার প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ৪০ জন চাপা পড়ে থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ এই বিপর্যয় ঘটে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং পরবর্তীতে প্রশাসন যোগ দেয়। অন্তত ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বল পরিকাঠামো এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

ঘটনার জেরে পাকিস্তানের নির্মাণ সুরক্ষা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তে স্কুলবাড়ির অত্যন্ত দুর্বল গঠনকেই দায়ী করা হচ্ছে এবং পুলিশ ইতিমধ্যেই ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে। খাইবার পাখতুনখোয়ার নতুন প্রশাসন এই ভয়াবহ বিপর্যয়ের পর রাজ্যের প্রতিটি স্কুলের স্বাস্থ্যপরীক্ষা বা স্ট্রাকচারাল অডিট করার নির্দেশ দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাশাপাশি আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়জনদের খোঁজে স্কুল চত্বরে কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ শিশুদের বাবা-মায়েরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *