অবকাশকালীন বেঞ্চ ডাম্পিং গ্রাউন্ড নয়! অভিষেককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
বার্তা ডেস্কঃ
তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি দাবি করেন, ডিসেম্বরের নির্দিষ্ট তালিকার আগেই যেন এই শুনানির ব্যবস্থা করা হয়, অন্যথায় এটি অবকাশকালীন বেঞ্চে পাঠানো হোক। তবে হাই কোর্ট অভিষেকের সেই আবেদন সম্পূর্ণ খারিজ করে দিয়েছে, যার ফলে আইনি লড়াইয়ে ফের বড়সড় ধাক্কা খেলেন তিনি।
মামলার শুনানিতে আবেদন নাকচ করে দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য অত্যন্ত কড়া ভাষায় অভিষেককে ভর্ৎসনা করেন। স্পষ্ট বার্তা দিয়ে বিচারপতি জানান, অবকাশকালীন বেঞ্চ কোনো ডাম্পিং গ্রাউন্ড নয় যে চাইলেই সব মামলা সেখানে পাঠিয়ে দেওয়া যাবে। আদালতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই মামলার কোনো জরুরি শুনানি করা সম্ভব নয় এবং নির্দেশমতো আগামী ডিসেম্বর মাস পর্যন্তই সাংসদকে অপেক্ষা করতে হবে। আদালতের এই কঠোর অবস্থানের পর অস্বস্তি আরও বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।