বিক্ষোভকারীদের জন্য গরম খাবার আর চা-কফি, কী বলছে দিল্লি পুলিশ?

বার্তা ডেস্কঃ

সিজেপির যন্তর মন্তর অভিযানের দিন আটক বিক্ষোভকারীদের ‘ভাল মানের, গরম এবং টাটকা খাবার’ দেওয়া হয়েছিল বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার। পুলিশের দাবি, আন্দোলনকারীদের লকআপে না রেখে অস্থায়ী আটকশিবিরে রাখা হয়েছিল এবং পরিস্থিতি স্বাভাবিক হতেই মাত্র দুই থেকে ছয় ঘণ্টার মধ্যে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি, আটক রাজনৈতিক নেতাদের পদমর্যাদা অনুযায়ী পূর্ণ সম্মান জানিয়ে থানার ওসি-র ঘরে বসিয়ে চা, কফি ও জলখাবার দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা এবং অতীতের বিশৃঙ্খল পরিস্থিতির কথা মাথায় রেখেই ওই দিন প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচির সময় সৃষ্ট সহিংসতার কথা স্মরণ করিয়ে পুলিশ প্রধান স্পষ্ট করেছেন যে, রাজধানীতে আর কোনও রকম অশান্তি বা সরকারি সম্পত্তি নষ্ট হতে দেওয়া যায় না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেদিন রাইসিনা হিল চত্বরে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা সীমিত রাখা হয়েছিল বলে হলফনামায় জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *