রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ ট্যারিফ? ১০ দিনেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন ট্রাম্প!
বার্তা ডেস্কঃ
রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ও গ্যাস আমদানির জেরে ভারতের মতো দেশগুলির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে কি না, সেই বিষয়ে আগামী দশ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ আইনের আওতায় এই ক্ষমতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই জল্পনার কথা জানান। তিনি স্পষ্ট করেন যে, রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্যকারী দেশগুলির ওপর কড়া পদক্ষেপ নেওয়ার অধিকার মার্কিন প্রশাসনের হাতে থাকলেও, এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে এই আইন প্রয়োগ করা হয়নি।
রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ওপর আমেরিকার এই নতুন নিষেধাজ্ঞার খাঁড়া ভারতের ওপরেও নেমে আসতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন যে, এই আইনটি কোনো নির্দিষ্ট দেশকে টার্গেট করে তৈরি করা হয়নি এবং ভারতকে এই নিষেধাজ্ঞা থেকে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর। অন্য একটি প্রসঙ্গে তিনি ভারত ও আমেরিকার মধ্যকার দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তি নিয়ে আশার কথা শুনিয়েছেন। তাঁর মতে, গত দেড় বছর ধরে চলা এই বাণিজ্য আলোচনার কাঠামো ও গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই উল্লেখযোগ্য সমঝোতা হয়েছে এবং খুব শীঘ্রই চুক্তিটি চূড়ান্ত রূপ পেতে পারে।