প্রতিবাদের নতুন মুখ নেহা বোরা আসলে কে? জানুন তাঁর অজানা অধ্যায়!
বার্তা ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) সভানেত্রী নেহা বোরা। উত্তরাখণ্ডের খতিমার বাসিন্দা ২৯ বছর বয়সি নেহার শৈশব কেটেছে নানা শহরে। পশ্চিমবঙ্গ থেকে স্কুলশিক্ষা শেষ করে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০২১ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) পিএইচডি করতে এসেই ছাত্র রাজনীতির সক্রিয় অঙ্গনে প্রবেশ করেন তিনি। বইপড়া ও নাট্যচর্চার প্রতি আগ্রহ তাঁকে ধীরে ধীরে আন্দোলনের ময়দানে টেনে আনে।
ছাত্র রাজনীতির পথ অবশ্য মোটেও মসৃণ ছিল না। বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতে নিয়মিত অংশ নেওয়ার জেরে গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ তাঁকে আটক করে তিহাড় জেলেও পাঠায়। বামপন্থী মতাদর্শ বেছে নেওয়ায় পরিবারের সঙ্গে, বিশেষ করে তাঁর বাবার সঙ্গে প্রায় এক দশক ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তা সত্ত্বেও শিক্ষা ও ছাত্র অধিকারের দাবিতে নিজের অবস্থানে অনড় থেকে আজ তিনি জাতীয় রাজনীতির পরিচিত মুখ হয়ে উঠেছেন।