দিল্লিতে সাংবাদিক নিগ্রহ, সুবিচারের অপেক্ষায় গোটা দেশ!
বার্তা ডেস্কঃ
গত ১০ এবং ১১ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কভার করতে গিয়ে পুলিশের হাতে সাংবাদিকদের নিগ্রহ ও হেনস্থার অভিযোগ কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বিষয়টি অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছে। তবে বাকস্বাধীনতার সুযোগ নিয়ে বর্তমানে ডিজিটাল মাধ্যমে ইনফ্লুয়েন্সার ও ফ্রিল্যান্সারদের ভিড়ে কারা প্রকৃত সাংবাদিক, তা চিহ্নিত করার জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতিরা। শুনানিকালে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং এক মহিলা সাংবাদিককে পুরুষ পুলিশ অফিসার কর্তৃক মারধরের ঘটনা আদালতে তুলে ধরলে কেন্দ্র ও দিল্লি পুলিশকে উক্ত সাংবাদিকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যুক্তি দেন যে হাতে ফোন থাকলেই আজকাল অনেকে নিজেদের সাংবাদিক দাবি করেন, যা প্রশাসনিক স্তরে বিভ্রান্তি তৈরি করছে। তবে যেকোনো ধরনের নির্যাতন যে অগ্রহণযোগ্য, তা স্বীকার করে নিয়েছে সব পক্ষই। আদালত স্পষ্ট জানিয়েছে যে আইনজীবী ও সাংবাদিকদের সুরক্ষার পাশাপাশি সাধারণ বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে স্বাধীন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানো হতে পারে। নির্যাতিতাদের অধিকার রক্ষা ও প্রকৃত সাংবাদিকদের জন্য পৃথক সুরক্ষাকবচ নিশ্চিত করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের কাছে স্পষ্ট জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।