রায় শুধু কাগজে নয়, ঋতুকালীন স্বাস্থ্যবিধিতে কঠোর সুপ্রিম কোর্ট!

বার্তা ডেস্কঃ

মেনস্ট্রুয়াল হাইজিন বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্র সরকারের চাওয়া তথ্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্যসচিবরা না পাঠালে তাদের বিরুদ্ধে কঠোর আদালত অবমাননার নোটিস জারি করা হবে। আদালত মনে করিয়ে দিয়েছে যে, এই স্বাস্থ্যবিধিকে সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে, যা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রাখা যাবে না।

শীর্ষ আদালত কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে, গত ১ সেপ্টেম্বর দেওয়া রায়ের ভিত্তিতে একটি বিশেষ প্রশ্নপত্র তৈরি করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছ থেকে লিখিত জবাব তলব করতে হবে। আদালতের এই নির্দেশ পালনের জন্য রাজ্যগুলোকে একটি অন্তিম সুযোগ দেওয়া হয়েছে। বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, দেশের দূর-দূরান্তের অঞ্চলে মেনস্ট্রুয়াল হাইজিনের অভাবে বহু তরুণী পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছে, আর সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *