বাংলাদেশ-নেপালের পথে হাঁটবে ভারত? সরকার বদল নিয়ে মুখ খুললেন প্রকাশ রাজ!
বার্তা ডেস্কঃ
দেশের শাসক পরিবর্তনের জল্পনা ও প্রতিবেশী দেশের রাজনৈতিক পালাবদলের প্রসঙ্গ উসকে দিয়ে বিশিষ্ট অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ স্পষ্ট জানিয়েছেন, ভারতে সরকার পরিবর্তন হবে একমাত্র সাংবিধানিক পথে এবং নির্বাচনের মাধ্যমেই। শুক্রবার দিল্লিতে প্রস্তাবিত তেরঙা মিছিলের আগে প্রতিবাদীদের আটকের ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, ভারত নেপাল বা বাংলাদেশ নয়। আমাদের হাতে আম্বেদকর, গান্ধী ও ভগৎ সিংয়ের আদর্শ এবং শক্তিশালী সংবিধান রয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এই ক্ষমতার পরিবর্তন আনা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে সিজিপির প্রতিবাদ কর্মসূচির মাঝে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলপ্রয়োগ ও দমনপীড়নের অভিযোগ তোলেন প্রকাশ রাজ। তাঁর দাবি, সরকার আলোচনার পথ এড়িয়ে পুলিশি অত্যাচার চালাচ্ছে, যা জনরোষকে আরও বাড়িয়ে তুলছে। আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপ্রদেশ থেকে এই পরিবর্তনের লড়াই শুরু করার কথা ঘোষণা করে তিনি জানান, কৃষকদের পাশাপাশি বৃহত্তর নাগরিক সমাজ এই আন্দোলনে যুক্ত হবে। শীতকালীন অধিবেশনে বিরোধীদের সংসদে এই প্রসঙ্গ তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্ত্র নয়, দেশের সংবিধানই তাঁদের একমাত্র হাতিয়ার।