নেতাজি পার্ক থেকে তিহার জেল, কোথায় এখন নেহা বোরা?

বার্তা ডেস্কঃ

দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে প্রতিরোধমূলক আইনে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNSS)-এর ১২৬ ও ১৭০ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে এবং তাঁকে স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে না যাওয়ার নির্দেশ অমান্য করা এবং শান্তিভঙ্গের আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। এর আগে সই করা জনশান্তির বন্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। CJP-র অভিযোগ, অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাঁকে আইনি সহায়তা ও আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। তিরঙ্গা হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়া কীভাবে অপরাধ হতে পারে, সেই প্রশ্নও তুলেছে দল।

অন্যদিকে, এই একই পরিস্থিতিতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর AISA-র সভানেত্রী নেহা বোরাকে ৬৫ নম্বর ধারার প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁকে আটকের পর প্রায় পাঁচ ঘণ্টা ধরে দিল্লির বিভিন্ন থানায় এবং অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের কেন্দ্রে ঘোরানোর অভিযোগ তুলেছে সংগঠনটি। মধ্যরাতে আইনজীবীরা থানায় পৌঁছলেও নেহার সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। অসুস্থতা সত্ত্বেও তাঁর সঙ্গে এই ধরনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে AISA। রাজধানীর এই রাজনৈতিক উত্তেজনার আবহে এর আগেও CJP-র একাধিক নেতাকে তিহার জেলে পাঠানো হয়েছিল, যা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *