ভালোবাসার মানুষের সান্নিধ্যেই কি নিয়ন্ত্রণে থাকে সুগার!
বার্তা ডেস্কঃ
প্রিয় সঙ্গীর সঙ্গে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা একা খাওয়ার তুলনামূলকভাবে কম বাড়তে পারে। সাম্প্রতিক এক গবেষণা এই চাঞ্চল্যকর সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিয়েছে। সায়েন্স অ্যাডভান্সেস পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় খতিয়ে দেখা হয়েছে, ঘনিষ্ঠ মানুষের উপস্থিতি শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব ফেলতে পারে। গবেষণায় ৫৪ যুগলকে একই ধরনের কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবার দু’বার খেতে দেওয়া হয়। একবার একা এবং অন্যবার সঙ্গীর সঙ্গে। দেখা যায়, সঙ্গীর সঙ্গে খাওয়ার সময় খাবারের দু’ঘণ্টা পর রক্তে গ্লুকোজের মাত্রা একা খাওয়ার তুলনায় প্রায় পনেরো শতাংশ কম ছিল। পাশাপাশি, শর্করার মাত্রা বৃদ্ধির হারও কম দেখা গিয়েছে।
শারীরিক স্পর্শ ছাড়াই কেবল প্রিয় মানুষের উপস্থিতি কীভাবে শরীরের বিপাকক্রিয়ায় প্রভাব ফেলে, তা নিয়ে চলছে গবেষণা। বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বস্তির পাশাপাশি সামাজিক পরিবেশ শরীরের নানা কার্যকলাপে ভূমিকা রাখে। তবে একে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কোনো প্রমাণিত বিকল্প হিসেবে না দেখে সুষম খাবার ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি। শরীর সুস্থ রাখতে খাওয়াদাওয়ার পাশাপাশি মানসিক সংযোগও সমানভাবে গুরুত্বপূর্ণ।