মোদীর বাসভবনের সামনে উচ্ছেদ, ১০০ বছরের প্রাচীন মসজিদের বিদ্যুৎ বিচ্ছিন্ন!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একটি শতাব্দীপ্রাচীন মসজিদ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নয়াদিল্লি পুরসভা (এনডিএমসি)-র উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ঐতিহাসিক এই রেসকোর্স মসজিদের বিদ্যুৎ ও জল সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভূমি ও উন্নয়ন দফতর (এলডিও)-র নির্দেশ এবং আদালতের রায়ের ভিত্তিতে এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। গত ১৯ অক্টোবর জারি করা নোটিশে মসজিদ কর্তৃপক্ষকে আগামী ছয় দিনের মধ্যে ওই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নথি অনুযায়ী জমিটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে এবং নির্মাণকাজটি অননুমোদিত ও দখলীকৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও স্বাধীনতার আগে নির্মিত এই মসজিদটি এনডিএমসি-র ঐতিহ্য তালিকায় ‘গ্রেড-২’ স্মৃতিস্তম্ভ হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এই উচ্ছেদ অভিযানের ফলে সংলগ্ন এলাকার প্রায় সাতশো পরিবার বাস্তুহারা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থান খালি করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য নিকটবর্তী স্থানেই বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে।