বিমানের শৌচালয়ে লিপস্টিকের রহস্যময় বার্তা, আতঙ্ক দমদম বিমানবন্দরে!
বার্তা ডেস্কঃ
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দু’দিন বোমাতঙ্ক ঘিরে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার টার্মিনালের শৌচালয়ে ৩০ নম্বর গেট উড়িয়ে দেওয়ার হুমকিভরা টিস্যু পেপার মেলার পর, শনিবার ফুকেট থেকে আসা ইন্ডিগোর একটি বিমানে ফের নতুন করে আতঙ্ক ছড়ায়। দুপুর দুটো নাগাদ বিমানটি অবতরণের পর যাত্রীরা নামার সময় কেবিনক্রুরা রুটিন তল্লাশি চালাতে গিয়ে শৌচালয়ের আয়নায় লিপস্টিক দিয়ে ‘বোমা আছে’ লেখা দেখতে পান। চব্বিশ ঘণ্টার ব্যবধানে পর পর এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।
তৎক্ষণাৎ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে একটি পৃথক পার্কিং বে-তে নিয়ে যাওয়া হয়। সিআইএসএফ (CISF) কর্মী ও পুলিশ কুকুরের সাহায্যে গোটা বিমানে তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি শুরু করা হয়। যদিও এখন পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। তবে শুক্রবারের ভুয়ো বোমাতঙ্কের পর শনিবার ফের বিমানে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটায় বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যাত্রী ও কর্মীদের সুরক্ষায় বিমানবন্দর জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।