ডিএ মামলায় বড় ধাক্কা, ৮ লাখ কর্মীর ভাগ্য ঝুলে!
বার্তা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানো নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ঘনিয়ে আসলেও চরম অনিশ্চয়তায় পড়েছেন সরকারি সাহায্যপ্রাপ্ত (গ্রান্ট ইন এইড) প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীরা। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্র কমিটির সাম্প্রতিক রিপোর্টে শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা-পঞ্চায়েত ও স্বশাসিত সংস্থার মতো প্রায় আট লক্ষ কর্মীর বকেয়া ডিএ নিয়ে কোনও উল্লেখ নেই। ফলে সুপ্রিম কোর্টের আইনি প্রক্রিয়ার সুফল তাঁরা আদৌ পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ ও অসন্তোষ।
সংগঠনগুলির দাবি, ২০০৯ সালের ‘রোপা’ নিয়ম অনুযায়ী তাঁদেরও বকেয়া ডিএ পাওয়ার কথা ছিল, তা সত্ত্বেও মলহোত্র কমিটির রিপোর্টে তাঁদের বাদ দেওয়ায় বিভাজনের চিত্র ফুটে উঠেছে। সরকারি কর্মচারীদের চেয়ে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও বেতন কাঠামোর ভিন্নতার দোহাই দিয়ে তাঁদের বঞ্চিত করার অভিযোগ উঠছে। শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনগুলি সতর্ক করেছে যে অবিলম্বে বকেয়া না মেটালে বড়সড় ক্ষোভের সৃষ্টি হবে। আপাতত আগামী ডিসেম্বরের প্রস্তাবিত বৈঠক ও সুপ্রিম কোর্টের পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।