কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর কৃপা পেতে পুজো করবেন কোন সময়ে?
বার্তা ডেস্কঃ
আজ দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। চলতি বছরে আগামী ২৫ অক্টোবর, রবিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হবে এই ঐতিহ্যবাহী উৎসব। বাংলার পাশাপাশি ত্রিপুরা, আসাম ও বাংলাদেশেও এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, শারদ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে বিচরণ করেন এবং ভক্তদের সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন। তাই পঞ্জিকা মতে সঠিক সময়ে দেবীর আরাধনা করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই বছর পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ অক্টোবর সকাল ১১টা ৫৫ মিনিটে এবং তা শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪১ মিনিটে। এদিকে শাস্ত্র মতে, নিশীথকালে লক্ষ্মী পুজো করার রীতি রয়েছে। সেই হিসেবে ২৫ অক্টোবর রাতে রাত ১০টা ৫৬ মিনিট থেকে ১১টা ৪৬ মিনিট পর্যন্ত মাত্র ৫০ মিনিট স্থায়ী হবে পুজোর সবচেয়ে শুভ লগ্ন। বাঙালি পরিবারগুলিতে এই সময়েই দেবীর আরাধনা, লক্ষ্মীর পাঁচালি পাঠ এবং রাত জাগার বিধান মানা হয়।