গরম চা পানের অভ্যাস কি ডেকে আনছে ক্যানসারের বিপদ?
বার্তা ডেস্কঃ
অনেকেই ধোঁয়াওঠা গরম চা এক চুমুকেই পান করতে পছন্দ করেন। কিন্তু এই অভ্যাস খাদ্যনালির মারাত্মক ক্ষতি করতে পারে, যা ডেকে আনতে পারে ক্যানসারের মতো ভয়াবহ রোগ। চিকিৎসকদের মতে, অত্যন্ত গরম তরল খাদ্যনালির ভিতরের এপিথেলিয়াল কোষের আবরণকে সরাসরি আঘাত করে। এক-দুবারে বড় ক্ষতি না হলেও, বারবার এমনটা ঘটলে টিস্যুর ক্ষয় হতে থাকে এবং কোষে বিপজ্জনক পরিবর্তন ঘটে। কেবল চা বা কফি নয়, অতিরিক্ত গরম স্যুপ পানের ক্ষেত্রেও এই একই ঝুঁকি থাকে।
অত্যন্ত গরম পানীয় পানের ফলে শরীরে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ও উপসর্গ দেখা দিতে পারে। গরম পানীয় পানের পর জিভ, ঠোঁট বা মুখের ভেতরে জ্বালাভাব এবং ফোসকা পড়ার মতো সমস্যা হতে পারে। এছাড়া গলার ভেতরের আবরণে আঘাত লাগার ফলে খাবার গিলতে সমস্যা, বুকে অস্বস্তি এবং গলায় ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই হঠাৎ ওজন কমতে শুরু করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।