মিরাটের খুনিদের ফাঁসি চাই! দড়ি হাতে ডিএম দপ্তরে হাজির এই নারী কে?
বার্তা ডেস্কঃ
মিরাটের ভয়াবহ ‘ব্লু-ড্রাম’ হত্যাকাণ্ডে প্রাক্তন মার্চেন্ট নেভি সৌরভ রাজপুতকে খুনের অপরাধে স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রায়াল কোর্ট। সাপের কামড়ের নাটক সাজিয়ে স্বামী অমিত কাশ্যপকে খুনের ঘটনায় একই সাজা পেয়েছেন রবিতা ও তার প্রেমিক অমরদীপ। আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মুসকান ও সাহিল সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়ে নিম্ন আদালতের রায় খারিজের আবেদন জানিয়েছেন। তবে এই জোড়া হত্যাকাণ্ডের ফাঁসির রায়ের পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এদিকে আদালতের এই মৃত্যুদণ্ডের রায়ের মাঝেই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল মথুরা। বিতর্কিত কাজের জন্য পরিচিত অখিল ভারত হিন্দু মহাসভার জেলা সভাপতি মীরা রাঠোর সরাসরি ফাঁসির দড়ি হাতে নিয়ে জেলাশাসকের দফতরে পৌঁছান। সাজাপ্রাপ্ত দুই নারী মুসকান ও রবিতাকে নিজের হাতে সম্পূর্ণ বিনামূল্যে ‘জল্লাদ’ হিসেবে ফাঁসি দেওয়ার আনুষ্ঠানিক অনুমতি চান তিনি। এর আগে তাজমহলে পুজো দেওয়া ও শাহরুখ খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসা মীরা দাবি করেন, ফাঁসির আগে দুই খুনিকে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা উচিত।