মাঠে পাকা ধান, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! চরম আতঙ্কে হুগলির কৃষকরা
বার্তা ডেস্কঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী দুদিনে এটি আরও শক্তি বৃদ্ধি করে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুজোয় একটানা বৃষ্টির পর পাকা ধান কেটে ঘরে তোলার সময় ঠিক এমন প্রতিকূল পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন হুগলি জেলার চাষিরা। সিঙ্গুর, ধনেখালি ও আরামবাগ সহ বিভিন্ন কৃষিপ্রধান এলাকার মাঠে এখন আমন ও আউশ ধান রয়েছে এবং কিছু জমিতে ধান তোলার প্রক্রিয়া চলছে। আবার কোথাও শিষ বের হওয়া ও ফুল আসার গুরুত্বপূর্ণ সময় চলছে। নতুন করে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে ধানগাছ মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
শুধু ধান চাষই নয়, আসন্ন আলু চাষের প্রস্তুতিও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা জমি তৈরি করে জ্যোতি আলু সহ বিভিন্ন প্রজাতির আলু লাগানোর পরিকল্পনা করছিলেন, কিন্তু টানা বৃষ্টি হলে জমিতে জল জমে মাটি কাদায় পরিণত হবে। এর ফলে আলু রোপণের উপযুক্ত পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং চাষের কাজ দীর্ঘসময়ের জন্য পিছিয়ে যাবে। প্রকৃতির এই খামখেয়ালিপনায় কৃষকদের মুখের হাসি উবে গেছে এবং ফসলের ভবিষ্যৎ নিয়ে তাঁরা দিশাহারা হয়ে পড়েছেন। আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে এখন সারাক্ষণ নজর রেখে চলেছেন তাঁরা, যাতে অন্তত কিছু ফসল বাঁচানো সম্ভব হয়।