দুর্গাপুজোর কোটি টাকার দুর্নীতি! বিপাকে ইন্দ্রনীল, সুপ্রিম নির্দেশে তোলপাড় রাজ্য।
বার্তা ডেস্কঃ
ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-র নামে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার মেগা দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রী তথা প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে ইতোমধ্যে কলকাতার বৌবাজার থানা ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইতোমধ্যে ইন্দ্রনীলের কসবার বাসস্থান এবং সিঙ্গুরের বাগানবাড়িসহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। পাশাপাশি তাঁকে সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে দফায় দফায় জেরা করা হয়েছে।
পূর্বে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তা সরাসরি খারিজ করে দেয়। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চন্দননগরের প্রাক্তন বিধায়ক। তবে সেখানেও চরম আইনি জটিলতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে শুনানির জন্য মামলাটি উঠতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান বিচারপতি দত্ত। ফলে আপাতত স্তব্ধ হয়ে গেল আগাম জামিনের প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে মামলাটি এখন রেজিস্ট্রারের মাধ্যমে অন্য বেঞ্চে পাঠানো হবে, তবে এই স্থগিতাদেশের কারণে ইন্দ্রনীলের আইনি সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়ায় বড়সড় গ্রেফতারির জল্পনা জোরালো হচ্ছে।