মধ্যপ্রদেশে চিতাশাবকের রহস্যমৃত্যু, শরীরে মিলল পাঁচটি গুলি!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের মোরেনা জঙ্গল থেকে উদ্ধার হওয়া একটি ১৯ মাস বয়সি পুরুষ চিতাশাবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার পর শাবকটির অস্ত্রোপচার করা হয় এবং তার দেহ থেকে পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পরই রাজ্য সরকার তৎপর হয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। চোরাশিকারের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন বন আধিকারিকেরা।
মোরেনার শেওপুর টেরিটোরিয়াল ফরেস্ট ডিভিশনে টহলের সময় বনকর্মীরা জখম চিতাশাবকটিকে প্রথম দেখতে পান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শাবকটির শরীরে একাধিক ছোট ধাতব বস্তু আটকে থাকায় তার অভ্যন্তরীণ অঙ্গগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই শাবকটির মৃত্যুর ফলে দেশে বর্তমানে মোট চিতার সংখ্যা কমে দাঁড়াল ৫৮টিতে।