মধ্যরাতে অন্ধ্র উপকূলে তাণ্ডব, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।
বার্তা ডেস্কঃ
মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। মৌসম ভবন জানিয়েছে, রাত ১টা ২০ মিনিটে ইয়ানামের কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ার প্রভাবে বহু গাছপালা উপড়ে গিয়েছে এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কয়েকটি বিমানবন্দরে বিমান পরিষেবা এবং একাধিক ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রত্যক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার চরম অবনতি ঘটেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন পাহাড়ি জেলাগুলিতেও ভারী বর্ষণের জেরে ধস নামার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।