অপারেশন সিঁদুরের পর বরফ গলছে, ১৮ মাস কি খুলছে ভারত-পাক কূটনীতির দরজা?

বার্তা ডেস্কঃ

অপারেশন সিঁদুরে পাকিস্তানকে কোণঠাসা করার দীর্ঘ দেড় বছর পর অবশেষে কূটনৈতিক বরফ গলার ইঙ্গিত মিলল। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র বৈঠকে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাল ভারত। গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার জেরে দুই দেশের সম্পর্কে তীব্র অবনতি ঘটেছিল এবং সামরিক অভিযানের পর দ্বিপক্ষীয় সম্পর্কে সম্পূর্ণ স্থবিরতা নেমে এসেছিল। সেই উত্তেজনাকর পরিস্থিতির পর এই প্রথম ভারতের মাটিতে আয়োজিত কোনো আন্তর্জাতিক সম্মেলনে ইসলামাবাদকে আমন্ত্রণ জানানো হলো।

দিল্লির ঐতিহাসিক ‘পুরানা কেল্লা’য় সংস্কৃতি ও বিদেশ মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই উচ্চপর্যায়ে বৈঠকে এসসিও-র ১০টি সদস্য রাষ্ট্র এবং বিভিন্ন পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানের সংস্কৃতি ও ঐতিহ্যমন্ত্রী ঔরঙ্গজেব খান খিচি এই সম্মেলনে যোগ দেন কি না, সেটাই এখন আন্তর্জাতিক মহলের প্রধান কৌতূহলের বিষয়। শেষবার ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে তৎকালীন পাক মন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারত সফরে এসেছিলেন। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই আমন্ত্রণ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোড় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *