মধ্যরাতে এসআরএফটিআই ক্যাম্পাসে বিশাল পুলিশ বাহিনী, মশাল মিছিলে থমথমে পরিস্থিতি!
বার্তা ডেস্কঃ
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) ফের উত্তপ্ত পরিস্থিতি! মশাল মিছিল ও কুশপুতুল পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসে প্রবেশ করে ৬০ জনেরও বেশি আধিকারিকের এক বিশাল পুলিশ বাহিনী। ছাত্র সংসদের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ উপাচার্যের অনুরোধেই পুলিশ হস্টেলের পেছনের গেস্ট হাউসের কাছে অবস্থান নেয়। বিকেলে শিক্ষার্থীদের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিবাদ হিসেবে আয়োজিত শান্তিপূর্ণ মশাল মিছিলের প্রায় পাঁচ ঘণ্টা পর এই পুলিশি উপস্থিতিতে তীব্র ভয় ও নজরদারির আবহ তৈরি হয়েছে। এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলেও পুলিশি তৎপরতা দেখা যায়নি, যা কর্তৃপক্ষের দ্বিমুখী মনোভাব প্রকাশ করছে।
অন্যদিতে উপাচার্যের দাবি, শিক্ষার্থীদের এই মশাল মিছিল তাঁর মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছিল বলেই নিরাপত্তার প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ছাত্র সংসদ এই যুক্তি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে অভিযোগ করেছে যে, নিরাপত্তার দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে স্থায়ী পুলিশি ব্যারাকে পরিণত করার চেষ্টা চলছে। তাঁদের মতে, স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারির সংস্কৃতি গড়ে তোলার পরিবর্তে পূর্বে সংঘটিত হামলাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সকল সদস্যের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।