ব্যালট পেপারেও কংগ্রেস শূন্য! চার রাজ্যের ফলাফলে মোদির হুঙ্কার
বার্তা ডেস্কঃ
চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে মারাত্মক ধাক্কা খেয়েছে কংগ্রেস। কর্নাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও বিহারের মোট ২৮টি আসনে শিক্ষক ও স্নাতক ভোটাররা ব্যালট পেপারে ভোট প্রদান করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই চার রাজ্যেই ঝুলিতে একটিও আসন না তুলে সম্পূর্ণ খাতা শূন্য রেখেছে কংগ্রেস। এমনকি নিজেদের শাসিত রাজ্য কর্নাটকেও চারটি আসনেই বাজিমাত করেছে এনডিএ জোট। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি বিজেপিকে কড়া টক্কর দিয়েছে, আবার বিহারে আসন ছিনিয়ে নিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি ও আরজেডি। সেখানেও কংগ্রেসের হাত ছিল খালি।
ইভিএম জালিয়াতি ও ভোটচুরির অভিযোগে যখন নিত্যদিন সরব রাহুল গান্ধী, ঠিক তখনই এই ফলাফল নিয়ে চরম কটাক্ষ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধী শিবিরের ধারাবাহিক মোদি-বিরোধী প্রচার ও আন্দোলনের মধ্যে ব্যালটে হওয়া নির্বাচনের এই নজিরবিহীন ভরাডুবি তুলে ধরে সোশাল মিডিয়ায় মোদি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, “এবার তো ব্যালটেই নির্বাচন হলো, কংগ্রেস ক’টা আসন পেল?” মোদির এই খোঁচা ও সাম্প্রতিক নির্বাচনী ফলাফল হাত শিবিরের রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ভোটচুরির আন্দোলনকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিল।