হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাহসিকতার প্রতীক অভীক!

বার্তা ডেস্কঃ

সোমবার রাতে গাইঘাটায় ধর্ষণকাণ্ডের ধৃত প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে গিয়ে গুরুতর আহত হন পুলিশ আধিকারিক অভীক কোটাল। অভিযুক্তের ছোড়া গুলিতে তাঁর হাত ও পায়ে আঘাত লাগে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগ দেওয়া অভীক এর আগে গোপালনগর থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। অল্পদিনের মধ্যেই তিনি সহকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন।

ঘটনার দিন রাতে পুনর্নির্মাণের কাজ শেষ করে ফেরার সময় প্রস্রাব করার নাম করে গাড়ি থেকে নামে প্রহ্লাদ। এরপর সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে অভীককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশও পালটা চার রাউন্ড গুলি চালায়। এই আকস্মিক সংঘর্ষে জখম হন অভীক। প্রথমে তাঁকে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। এই ঘটনায় বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *