ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের তোপ, বড় বিপাকে নির্বাচন কমিশন!

বার্তা ডেস্কঃ

দিল্লির বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশন চাইলেই ফর্ম ৬, ৭ ও ৮-এর নিয়ম বা বিন্যাস পরিবর্তন করতে পারে না। ফর্ম ৬ মূলত নতুন ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত হয়। ফলে যাঁদের নাম আগে থেকেই ভোটার তালিকায় ছিল, ঠিকানা বদল বা অন্যান্য কারণে তাঁদের পুনরায় ফর্ম ৬ জমা দিতে বাধ্য করাকে সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিহিত করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, দিল্লিতে অদূর ভবিষ্যতে কোনো নির্বাচন না থাকা সত্ত্বেও নাম তোলার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে কোনো চূড়ান্ত সময়সীমা নির্ধারণ না করার পরামর্শ দিয়েছে আদালত।

আদালতে মামলাকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, বহু নাগরিক তথ্য সংগ্রহের ফর্ম পাননি কিংবা ঠিকানা পরিবর্তনের কারণে জমা দিতে পারেননি। এই প্রসঙ্গে বেঞ্চ মনে করিয়ে দেয় যে, ঠিকানা সংশোধনের জন্য নির্দিষ্ট ফর্ম ৮ রয়েছে। আগে তালিকায় নাম ছিল অথচ বর্তমানে বাদ পড়েছেন, এমন নাগরিকদের ‘নতুন ভোটার’ হিসেবে গণ্য না করে একটি সহজ ও মানানসই সমাধানের পথ খুঁজে বের করতে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করেছিল যে, নির্বাচন কমিশনকে ফর্ম ৬-এ কোনো ধরনের পরিবর্তনের অনুমোদন সুপ্রিম কোর্ট দেয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *