শ্মশানে প্রধানমন্ত্রীর ছবিতে ‘কালো জাদু’! শোরগোল দেশজুড়ে, তদন্তে পুলিশ
বার্তা ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে শ্মশানে অভিনব কায়দায় ‘কালো জাদু’ করার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মাউ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর ধারের একটি শ্মশানঘাটে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ও হইচই শুরু হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির একটি ছবির চারপাশে নারকেল, লেবু এবং কমলা সিঁদুরের মতো নানা পূজাসামগ্রী সাজিয়ে রাখা রয়েছে। শুধু তাই নয়, তান্ত্রিক প্রথার সন্দেহে লেবুগুলিতে সূচ বিদ্ধ করা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ অবিলম্বে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করেছে। কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা খুঁজে বের করতে ময়দানে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন ও সাইবার সেল। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জোরালো আশ্বাস দেওয়া হয়েছে।