আইপ্যাক মামলায় বড় চমক, মমতার বিরুদ্ধে রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে!

বার্তা ডেস্কঃ

আই-প্যাকের অফিস ও এর কর্ণধারের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি চলাকালীন তৎকালিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি প্রশান্ত মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ এই মামলায় সিদ্ধান্ত আপাতত সংরক্ষিত রেখেছে। চলতি বছরের জানুয়ারিতে বেআইনি কয়লা পাচার ও আর্থিক নয়ছয় মামলার তদন্তে সল্টলেকের আই-প্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকেরা অভিযানে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলে কেন্দ্রীয় সংস্থাটি। এই ঘটনার নিরপেক্ষ ও কেন্দ্রীয় তদন্তের দাবিতেই ইডি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল।

হাই কোর্টে মামলা চলাকালীন ইডি ও শাসক দলের মধ্যে একাধিক রাজনৈতিক ও আইনি টানাপোড়েন তৈরি হয়, যার পর বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। মে মাসে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর অগস্টে শুনানিকালে রাজ্যের পছন্দের তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো সম্ভব কি না—আদালতের এমন প্রশ্নের জবাবে ইডির আইনজীবী স্পষ্ট জানান যে রাজ্য পুলিশের ওপর তাঁদের ভরসা নেই। অন্যদিকে, মমতার পক্ষের আইনি প্রতিনিধি উল্লেখ করেন, সরকার পরিবর্তনের ফলে রাজ্য নিজেই তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম। দুই পক্ষের সওয়াল-জবাব পর্যালোচনা শেষে শীর্ষ আদালত রায় স্থগিত রাখায় এখন নজর সব মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *