গণনার ঠিক আগে মালদহে তোলপাড়! NIA-র তলবে হাজিরা দিতে হবে সাবিনা ইয়াসমিনের এজেন্টকে

আগামীকাল ৪ মে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহের মোথাবাড়ি কাণ্ডে এনআইএ (NIA)-র তৎপরতা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা। মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একগুচ্ছ তৃণমূল নেতা ও কর্মীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নির্বাচনী এজেন্টকে তলব

তৃণমূল সূত্রে খবর, সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রধান নির্বাচনী এজেন্টকে রবিবার দুপুরে কালিয়াচক থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু এজেন্ট নন, এলাকার আরও বেশ কয়েকজন পরিচিত তৃণমূল নেতা ও সক্রিয় কর্মীকেও এনআইএ নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ।

ঘটনার প্রেক্ষাপট

মূলত মালদহের মোথাবাড়িতে এসআইআর (SIR) কাজে নিযুক্ত বিচারকদের হেনস্থা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তভার পাওয়ার পর থেকেই কেন্দ্রীয় সংস্থাটি সক্রিয় হয়েছে। গণনার আগের দিন এই ধরণের তলবকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত কালিয়াচক ও সুজাপুর এলাকা।

রাজনৈতিক অস্থিরতা

ভোটগণনার আগের মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবেই দেখছে শাসক দল। তাঁদের দাবি, গণনাকেন্দ্রে এজেন্টদের মনোবল ভেঙে দিতেই পরিকল্পনা করে এই সময়ে তলব করা হয়েছে। অন্যদিকে, এই তলব ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রবিবার বিকেলের পর কালিয়াচক থানায় তৃণমূল নেতাদের হাজিরাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *