ক্ষমতা বাঁচাতে নেতানিয়াহুর শেষ বাজি, ইজরায়েলে কি ফিরছে অস্থিরতা!

বার্তা ডেস্কঃ

টানা দুই দিন ধরে চলা ভোটগণনা শেষে ইজরায়েলের নির্বাচনে দেখা মিলল এক ঝুলন্ত পার্লামেন্টের। দেশটির ১২০ আসনের কেনেসেটে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ৬১টি আসন প্রয়োজন হলেও কোনো রাজনৈতিক জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন ‘লিকুদ’ পার্টি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬টি আসন বেশি পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে। বর্তমানে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের দখলে রয়েছে ৫৩টি আসন এবং বিরোধী জোটের ঝুলিতে গিয়েছে ৪৮টি আসন। অন্যদিকে ১৯টি আসন পেয়ে ক্ষমতার নির্ণায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছে রাম ও জয়েন্ট লিস্টসহ বিভিন্ন আরব দলগুলি।

এমতাবস্থায় ইজরায়েলের ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু ইহুদি জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগানোর নীতি গ্রহণ করেছেন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে জাতীয় সুরক্ষার স্বার্থে বিরোধী পক্ষ যেন কোনোভাবেই আরব দলগুলির সাথে হাত না মেলায়। পাশাপাশি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে সমমনস্ক ইহুদি রাজনৈতিক দলগুলির সঙ্গেও টানা দরকষাকষি চালিয়ে যাচ্ছেন তিনি। বিরোধী দলীয় নেতা গাডি আইজেনকোটও অচ্ছুত বিবেচিত আরব দলগুলির সাথে সরাসরি জোট গঠন নাকচ করলেও তাদের বাইরে থেকে পাওয়া সমর্থনে সরকার গড়ার বিকল্প পথ খোলা রাখছেন। আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল ইজরায়েলি প্রেসিডেন্টের কাছে জমা পড়ার কথা রয়েছে এবং আগামী ১০ নভেম্বর নতুন সরকার শপথ গ্রহণ করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *