‘কম্পিউটার হ্যাক করে ভোটলুট হতে পারে!’ গণনার আগে অর্জুন সিংয়ের বিস্ফোরক দাবি
ভোটগণনার ঠিক আগের দিন বিস্ফোরক অভিযোগ তুলে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দাবি, উত্তর ২৪ পরগনা জেলাসহ বিভিন্ন কেন্দ্রে গণনার দিন কম্পিউটার হ্যাক করে নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এমনকি এই প্রক্রিয়ায় ‘ডেটা এন্ট্রি’র কাজে নিয়ম বহির্ভূতভাবে চুক্তভিত্তিক কর্মীদের নিয়োগ করা হয়েছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।
হ্যাকিং ও তথ্য চুরির আশঙ্কা
অর্জুন সিং সরাসরি প্রাক্তন আইপিএস রাজীব কুমারকে আক্রমণ করে তাঁকে ‘হ্যাকার’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও গণনাকেন্দ্রে তথ্য নথিভুক্ত করার কাজে চুক্তভিত্তিক কর্মীদের ব্যবহার করা হচ্ছে, যাতে সহজেই ভোটের ফলাফল পরিবর্তন করা যায়। বিজেপি নেতার দাবি, উত্তর ২৪ পরগনায় বিজেপি ২৬টি আসনে জয়লাভ করবে জেনেই পরিকল্পিতভাবে এই ‘ভোটলুট’-এর ছক কষা হয়েছে। যদিও এই অভিযোগ রুখতে বিজেপি কর্মীরা সবদিক থেকে প্রস্তুত বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
নোয়াপাড়ায় ঘনীভূত উত্তেজনা
উল্লেখ্য, গণনার আগের দিন থেকেই নোয়াপাড়া এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ। এই প্রেক্ষাপটে অর্জুন সিংয়ের এমন মন্তব্য বিতর্ককে আরও উসকে দিয়েছে। মজার বিষয় হলো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগে একই ধরণের কারচুপির আশঙ্কা প্রকাশ করে তাঁর এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন। এখন শাসক ও বিরোধী—উভয় পক্ষই যখন গণনায় জালিয়াতির অভিযোগ তুলছে, তখন কালকের হাই-ভোল্টেজ ফলাফল নিয়ে রাজ্যবাসীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।