ভোটগণনার ঠিক আগে ভবানীপুর নিয়ে সতর্ক মমতা, কালীঘাটে জরুরি বৈঠক

রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর নিয়ে শেষ মুহূর্তের রণকৌশল সাজাতে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের প্রার্থী হওয়ায় ভবানীপুরের প্রতিটি বুথের গণনা এবং এজেন্টদের ভূমিকা নিয়ে কোনো ফাঁক রাখতে চাইছে না ঘাসফুল শিবির।

কাউন্সিলর ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বিশেষ ক্লাস

সূত্রের খবর, এই বৈঠকে ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত ৮ জন কাউন্সিলর, প্রতিটি ওয়ার্ডের সভাপতি এবং চিফ ইলেকশন এজেন্টকে উপস্থিত থাকতে বলা হয়েছে। গণনাকেন্দ্রে ইভিএম খোলা থেকে শুরু করে প্রতিটি রাউন্ডের শেষে তথ্য যাচাইয়ের খুঁটিনাটি নিয়ে তাঁদের বিশেষ নির্দেশ দেবেন দলনেত্রী। ইভিএম কারচুপি বা তথ্য নথিভুক্তকরণে কোনো ত্রুটি যাতে না হয়, সেই বিষয়েই মূলত জোর দেওয়া হবে এই বৈঠকে।

হটস্পট ভবানীপুরে বাড়তি নজর

গণনার আগের রাতে খোদ প্রার্থীর এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবানীপুর বরাবরই হাই-ভোল্টেজ কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে সামান্যতম বিচ্যুতিও বড় প্রভাব ফেলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তাঁর কর্মীদের নির্দেশ দিয়েছেন যে, ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন টেবিল ছেড়ে না নড়েন। রবিবারের এই ‘লাস্ট মিনিট সাজেশন’ মূলত এজেন্টদের আত্মবিশ্বাস বাড়াতে এবং গণনাকেন্দ্রে প্রতিটি মুহূর্তের পরিস্থিতির ওপর কড়া নজরদারি নিশ্চিত করতেই করা হচ্ছে। এখন সবার নজর আগামীকাল সকালে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *