হ্যালোউইনের মেনুতে ভূতুড়ে চমক, স্বাদে হবে বাজিমাত!
বার্তা ডেস্কঃ
৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় জনপ্রিয় হ্যালোউইন উৎসব। ক্রিসমাসের মতো এই উৎসবকেও এখন আপন করে নিয়েছে ভারতীয়রা। আত্মাদের স্মরণের এই দিনটি বর্তমানে একটি আনন্দদায়ক সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। মানুষ ভূত, জাদুকর কিংবা বিভিন্ন মজার চরিত্র সেজে ঘুরে বেড়ায় এবং শিশুরা বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি সংগ্রহ করে। উৎসবের এই আমেজকে আরও রঙিন করে তুলতে খাবারেও আনা যেতে পারে ভিন্নতা। বাঙালি রান্নার চেনা উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব হ্যালোউইন স্পেশাল হরেক রকম ভূতুড়ে পদ।
উৎসবের টেবিলে তাক লাগাতে রান্না করতে পারেন ডিম ভূত, ভূতুড়ে বেগুনি বা চপ এবং মিষ্টি কুমড়োর ছক্কা। সাধারণ লুচি বা ডালপুরি বেলার সময় ছুরি দিয়ে চোখ ও মুখ কেটে নিলেই তৈরি হবে রাক্ষুসে লুচি। এছাড়া গোলমরিচ ও কালো জিরে দিয়ে তৈরি কালো জাদুর মাংস, টমেটো সস ছাঁটানো রক্তমুখী পটল এবং চকোলেট বা চেরি সিরাপের কারুকার্যে ভূতুড়ে পায়েস পাতে আনতে পারে রহস্যময় ছোঁয়া। তরমুজ বা বেদানার লাল রসে তৈরি রক্তজবা শরবত এবং মোমবাতি ও আলো জ্বালানো কুমড়ো দিয়ে টেবিল সাজালে হ্যালোউইনের রোমাঞ্চ পুরোপুরি জমে উঠবে।