শ্বেতকালী ২ গুহাকালী: ভক্তির মোড়কে টানটান রহস্য!
বার্তা ডেস্কঃ
উত্তরবঙ্গের চা-বাগান ঘেরা মেঘঝুরি গ্রামে মা কালীর অভিশাপ ও প্রাচীন রহস্যের পটভূমিতে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘শ্বেতকালী ২: গুহাকালী’। জমিদারবাড়ির পুজো, যুগের পর যুগ ধরে চলে আসা অভিশাপ এবং গুহারি নামক প্রান্তিক সম্প্রদায়কে কেন্দ্র করে এগিয়ে চলেছে এই সিরিজের গল্প। পরিচালক সানি ঘোষ রায়ের সাত পর্বের এই সিরিজে ভক্তি, ভয় ও অতিপ্রাকৃত ঘটনার এক অদ্ভুত মিশ্রণ তুলে ধরা হয়েছে, যা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে সচেষ্ট হয়।
সিরিজটিতে ঊর্বি চরিত্রে ঐন্দ্রিলা সেন এবং তারার চরিত্রে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় বেশ নজর কেড়েছে। তবে চিত্রনাট্যে কিছু অসঙ্গতি ও অতিরিক্ত উপকাহিনী থাকার কারণে গল্পের গতি মাঝে মাঝে মন্থর হয়েছে। তা সত্ত্বেও, অন্ধকারাচ্ছন্ন পৌরাণিক আবহ এবং উত্তেজনাকর ক্লাইম্যাক্স থ্রিলারপ্রেমীদের কিছুটা হলেও আনন্দ দেবে। সবমিলিয়ে, রহস্য ও রোমাঞ্চের মোড়কে গড়া এই সিরিজটি উইকএন্ডে বিনোদনের একটি ভিন্ন স্বাদ দিতে পারে।