মিঠুনের চা চক্রে তুলকালাম, টলিউড কি এবার দখলের পালা?
বার্তা ডেস্কঃ
শনিবার থেকে টেকনিশিয়ান স্টুডিওতে শুরু হয়েছে টলিউডের বিভিন্ন গিল্ডের নির্বাচন, যা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। দীর্ঘদিন ধরে চলা অশান্তি, শুটিং বন্ধ ও বয়কটের বিতর্কের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে টলিউডের সাংগঠনিক কাঠামোয় এটি অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখতে এদিন সকালেই স্টুডিওপাড়ায় হাজির হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। স্টুডিওর বাইরে প্লাস্টিকের চেয়ারে বসে চা খাওয়ার ফাঁকে তিনি জানান, অতীতে একনায়কতন্ত্রের জেরে টলিউডের পরিবেশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং বহু মানুষ কাজ হারানোর ভয়ে বাইরে চলে গিয়েছিলেন।
বর্তমান পরিস্থিতির পরিবর্তন ও শিল্পের প্রসারের ওপর জোর দিয়ে মিঠুন জানান, সরকারের দেওয়া ৩০ শতাংশ ভর্তুকি কাজে লাগিয়ে প্রযোজকদের আরও বেশি করে ছবি তৈরি করা উচিত এবং মাল্টিপ্লেক্সে বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করা দরকার। তবে সাক্ষাৎকারেই শাসকদলকে নিশানা করে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন যে, তৃণমূলের তরফ থেকে কোনও ধরনের অনৈতিক বা জোরজুলুমের চেষ্টা দেখলেই তিনি সবচেয়ে কঠোর অবস্থান নেবেন। গণতন্ত্র ও সংবিধান মেনেই টলিউডের সমস্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন এই প্রবীণ অভিনেতা।